ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে মোংলা থানার দিগরাজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিগরাজ এলাকায় অভিযান চালিয়ে গোপাল সরকারকে আটক করে। পরে তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গোপাল সরকার মোংলা থানার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোপাল সরকার দীর্ঘদিন ধরে মোংলা ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।
র্যাব আরও জানায়, অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার গোপাল সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে উদ্ধার করা মাদকসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব-৬।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
Leave a comment