রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে আগামী ৩০ ও ৩১ আগস্টের নির্ধারিত সফরটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক।
তিনি বলেন, আগামী ৩০ ও ৩১ আগস্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফরের কথা ছিল। অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে।
এর আগে সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে দুই দিনের সফরের বিষয়টি জানানো হয়। সফর উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুলের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সফর ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। সফর সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
তবে মঙ্গলবার সফর স্থগিতের সিদ্ধান্ত আসায় আপাতত ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির প্রথম জেলা সফর হচ্ছে না। নতুন তারিখ নির্ধারণ হলে তা জানানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
Leave a comment