নওগাঁয় আর্থিক সাইবার অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে নাহিদ (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ২১ আগস্ট নওগাঁ সদর থানা এলাকায় এ অভিযান চালানো হয়। ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নাহিদ তাঁর বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিকাশ ও নগদের সাহায্যে অবৈধভাবে ডলার লেনদেন করে আসছিলেন।
এর ভিত্তিতে ডিবির একটি দল নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকায় নাহিদের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।
পরে নাহিদের ব্যবহৃত মোবাইল ফোন বিশ্লেষণ করা হয়। পুলিশ জানায়, মোবাইল ফোনে TextVerified ও wePhone অ্যাপ ব্যবহারের মাধ্যমে ভুয়া মোবাইল নম্বর দিয়ে জিমেইল অ্যাকাউন্ট তৈরি এবং অবৈধভাবে তাঁর নিজের বিকাশ অ্যাকাউন্টে ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার নাহিদ বক্তারপুর এলাকার গোলাম হোসেনের ছেলে।
এ ঘটনায় নাহিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী নওগাঁ সদর থানায় মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
Leave a comment