সুনামগঞ্জের জগন্নাথপুরে ছোট বোনের বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নাজিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই ও তাঁর ভাইদের বিরুদ্ধে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে তাঁর চাচাতো ভাই মাসুম মিয়ার পরিবারের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। শনিবার সকালে নাজিম উদ্দিন মাসুমের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম ও তাঁর ভাইয়েরা নাজিম উদ্দিনের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
এতে গুরুতর আহত হন নাজিম উদ্দিন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই সালেহ আহমদ অভিযোগ করেন, বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে মাসুম ও তাঁর সহযোগীরা নাজিম উদ্দিনের ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছেন।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, নাজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment