ভারতের গুরুগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর নিজ ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ৩০ বছর বয়সী এক সফটওয়্যার প্রকৌশলী। মৃত্যুর আগে কর্মস্থলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ইমেইল পাঠিয়ে নিজের বাবা ও ফ্ল্যাটের মালিককে বিষয়টি জানানোর অনুরোধ করেছিলেন তিনি। খবর এনডিটিভির।
গত ১৫ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে গুরুগ্রামের সেক্টর ৬৮-এর ‘এমথ্রিএম মেরিনা’ অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাট থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আসলাম (৩০)। তিনি গুরুগ্রামের একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বেঙ্গালুরুতে। তাঁর স্ত্রী ফারহানার (২৮) বাড়ি কেরালায়। তিনি গৃহিণী ছিলেন।
পুলিশের এক কর্মকর্তা জানান, আত্মহত্যার আগে আসলাম তাঁর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি ইমেইল পাঠান। এতে নিজের জীবন শেষ করার সিদ্ধান্তের কথা জানিয়ে তাঁর বাবা ও ফ্ল্যাটের মালিকের মোবাইল নম্বর উল্লেখ করেন এবং তাঁদের খবর দেওয়ার অনুরোধ জানান।
ইমেইল পাওয়ার পর প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ফ্ল্যাটের মালিকের সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশকে বিষয়টি জানান। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই দম্পতির মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে ফরেনসিক দল। পুলিশের প্রাথমিক ধারণা, আসলাম প্রথমে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর ফ্ল্যাটের সিলিং ফ্যানের হুকের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তবে এ হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
Leave a comment