ইউরোপে ‘সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে’ গিয়ে ১০ সপ্তাহের বেশি সময় দেশের বাইরে থাকার পর নিজ দেশ ক্যামেরুনে ফিরেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান পল বিয়া। ৯৩ বছর বয়সী এই প্রেসিডেন্টের দীর্ঘ অনুপস্থিতি তাঁর স্বাস্থ্য ও দেশ পরিচালনার সক্ষমতা নিয়ে যে জল্পনা তৈরি করেছিল, দেশে ফেরার মধ্য দিয়ে আপাতত তার অবসান হলো।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে (জিএমটি ১৫টা ৪৫ মিনিট) সুইজারল্যান্ডের জেনেভা থেকে একটি ভাড়া করা বিমানে ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডের এনসিমালেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পল বিয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি চান্তাল বিয়া। বিমানবন্দর থেকে গাড়িতে করে তিনি প্রেসিডেন্টের বাসভবন ইউনিটি প্যালেসের দিকে রওনা হন।
চার দশকেরও বেশি সময় আগে ক্ষমতায় আসার পর এটিই বিদেশে তাঁর সবচেয়ে দীর্ঘ সফর।
পল বিয়া গত ৭ জুন ক্যামেরুন ছাড়েন। সে সময় দেশটির বেসামরিক মন্ত্রিসভা জানিয়েছিল, তিনি ‘ইউরোপে সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে’ যাচ্ছেন। এরপর ১০ সপ্তাহের বেশি সময় দেশের বাইরে থাকায় তাঁর অবস্থান ও স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন ওঠে। তবে দেশটির কর্তৃপক্ষ বারবার জানিয়েছিল, প্রেসিডেন্ট শিগগিরই দেশে ফিরবেন।
বিয়া দেশে ফেরার সময় তাঁকে স্বাগত জানাতে রাজধানীর রাস্তায় তাঁর দল ক্যামেরুন পিপলস ডেমোক্রেটিক মুভমেন্টের (সিপিডিএম) শত শত সমর্থক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। গাড়ির আধখোলা জানালা দিয়ে হাত নেড়ে তাঁদের অভিবাদন জানান প্রেসিডেন্ট। এ সময় সমর্থকদের হাতে দলীয় পতাকা ও প্রেসিডেন্টের প্রশংসাসূচক ব্যানার দেখা যায়।
বিয়ার দীর্ঘ অনুপস্থিতি তাঁর স্বাস্থ্য ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়ে জল্পনা বাড়িয়েছিল। একই সঙ্গে তাঁর রাজনৈতিক উত্তরাধিকার নিয়েও নতুন করে প্রশ্ন ওঠে। দেশটির ক্ষমতা এখনও প্রেসিডেন্টকে ঘিরে ব্যাপকভাবে কেন্দ্রীভূত।
বিরোধী দলের নেতারা প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সাময়িকভাবে অন্য কারও পালন করা উচিত কি না, তা খতিয়ে দেখতে সাংবিধানিক পরিষদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে পরিষদ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
ক্যামেরুনের সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট না থাকলে মৃত্যু, পদত্যাগ বা স্থায়ীভাবে দায়িত্ব পালনে অক্ষমতার কারণে প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণা করা হলে সিনেটের প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন।
গত এপ্রিলে দেশটিতে ভাইস প্রেসিডেন্টের পদটি আবার চালু করা হলেও পল বিয়া এখনো কাউকে ওই পদে নিয়োগ দেননি।
সমালোচকদের মতে, স্পষ্ট উত্তরাধিকার কাঠামো না থাকায় ভবিষ্যতে বিয়া দেশ পরিচালনায় অক্ষম হয়ে পড়লে ক্ষমতা হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।
Leave a comment