শারীরিক অসুস্থতার কারণে নিকট ভবিষ্যতে বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন না বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বর্তমানে হাঁটাচলাতেও তাঁর বেশ সমস্যা হচ্ছে।
রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমকে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, ‘এখন আমার হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। পা অবশ হয়ে যাওয়ার কারণে সীমিত পরিসরে চলাফেরা করতে পারি। এজন্য আপাতত বাইরে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করছি না।’
নিজের অসুস্থতার কথা জানিয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। শারীরিক সমস্যা দেখা দিলে গুলশানের বাসায় নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সেবা নিচ্ছেন।
পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে তাঁকে সিএমএইচে যেতে হচ্ছে। বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় আসার পর এখন পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন তিনি।
বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বিষয়টি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করছে। চিকিৎসকেরা প্রয়োজন মনে করলে পরবর্তী সময়ে বিদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত হতে পারে।
Leave a comment