খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের দুই নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের ফারজানা (২২), তাঁর বোন রুবিয়া (২০) এবং ফারজানার ২২ মাস বয়সী কন্যাসন্তান।
দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক শেখ শিহাব গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ বলেন, শেখ শিহাব তাঁর স্ত্রী ফারজানা, শিশু কন্যা ও শ্যালিকা রুবিয়াকে নিয়ে মোটরসাইকেলে খুলনা থেকে নড়াইলের কালিয়া উপজেলার বাড়িতে ফিরছিলেন। পথে দিঘলিয়ার আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুটির মৃত্যু হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a comment