অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি অধ্যুষিত ওয়াইলি পার্ক এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে কর্নেলিয়া স্ট্রিটের একটি আবাসিক ভবনে এই আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনে ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করেন। হৃদয়বিদারক এই ঘটনায় পুরো প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এবং জরুরি চিকিৎসা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে উদ্ধারে পৌঁছানোর আগেই বাড়িটির পেছনের অংশে আগুন মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে ৫২ বছর বয়সী এক পুরুষ, ৪৩ বছর বয়সী এক নারী এবং ১৬ বছরের এক কিশোর রয়েছেন, যারা ভবনের পেছনের ‘গ্র্যানি ফ্ল্যাটে’ বসবাস করছিলেন। উদ্ধারকারীরা পৌঁছানোর আগেই স্থানটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলকে ‘অপরাধস্থল’ (ক্রাইম সিন) ঘোষণা করে ব্যাপক তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিক তদন্তে আগুনের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা না গেলেও অগ্নি-তদন্ত বিশেষজ্ঞ ও ফরেনসিক দল যৌথভাবে আলামত সংগ্রহ করছে। প্রতিবেশীরা জানান, বিকট শব্দ ও তীব্র ধোঁয়া দেখে তারা উদ্ধারের চেষ্টা করলেও আগুনের ভয়াবহতার কারণে ভেতরে ঢুকতে পারেননি। তবে ভবনের সামনের অংশে থাকা এক বৃদ্ধাকে নিরাপদে সরিয়ে নিতে সমর্থ হন এক প্রতিবেশী।
দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পেছনের অংশে পৌঁছানোর পথ জটিল হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছিল। একই সাথে শীত মৌসুমে হিটার ও বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহারে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। বাসার ভেতরে স্মোক অ্যালার্ম স্থাপন এবং গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা করার জোর তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ।
Leave a comment