সর্বজিৎ চাকমা, রাঙামাটি
রাজধানীর পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানায় দায়ের করা পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি আসনের সাবেক সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার।
রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রুলসহ এ জামিনের আদেশ দেন।
আদালতে দীপঙ্কর তালুকদারের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী অনাবিল আনন্দ রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
জামিনের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন জানান, হাইকোর্টের এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট দেওয়া হয়েছে।
এর আগে গত ১৮ মে পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকার পৃথক তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তখন তিনি আরও পাঁচটি মামলায় হাইকোর্টের জামিন পেয়েছিলেন বলে তার আইনজীবী জানিয়েছিলেন।
দীপঙ্কর তালুকদার রাঙামাটি আসন থেকে পাঁচবারের সাবেক সংসদ সদস্য। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
Leave a comment