সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থাকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি। এ ধরনের প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেত্রীরা।
মঙ্গলবার (২১ জুলাই) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া এবং সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, ‘সাতক্ষীরার এ ঘটনায় জড়িত মোছা. মরিয়ম বেগম (পিতা: মো. মাসুম বিল্লাহ) বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।’
এ ধরনের বিভ্রান্তি এড়াতে পবিত্র কোরআনের সূরা হুজরাতের ৬ নম্বর আয়াত উদ্ধৃত করে নেত্রীরা বলেন, কোনো সংবাদ বা তথ্য পাওয়ার পর তা যাচাই-বাছাই করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তাঁরা সবাইকে যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা সংবাদ প্রচার না করার আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, জনপ্রতিনিধিদের কাছ থেকে সব সময় স্বচ্ছতা, সততা ও ইনসাফ প্রত্যাশা করা হয়। পাশাপাশি একটি বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি ও মিথ্যাচার পরিহারের আহ্বান জানান সংগঠনটির নেত্রীরা।
Leave a comment