মো. ইয়াছিন সরকার, কুমিল্লা
কুমিল্লার মুরাদনগর উপজেলার বহুল প্রতীক্ষিত পান্নারপুল–কৃষ্ণপুর সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটির কারণে ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা। নির্মাণকাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
বুধবার (১৫ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে সড়কটির উন্নয়নকাজের উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রকৌশলী রাসেল।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে উন্নয়নকাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান ছিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্যসচিব সৈয়দ হাসান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আলমগীর হোসেন, যুবদলের সদস্য মাসুম মুন্সি, বিএনপি নেতা শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ বলেন, ‘সড়কটির নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং গুণগত মান নিশ্চিত করে শেষ করা হবে।’
সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, সড়কটির উন্নয়নকাজ শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে।
Leave a comment