যুক্তরাজ্যে প্রকাশ্য রাস্তায় বাংলাদেশি তরুণী কলসুমা আক্তারকে হত্যার ঘটনায় তাঁর স্বামী হাবিবুর রহমান মাসুমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে বলা হয়েছে, তাঁকে কমপক্ষে ২৮ বছর কারাভোগ করতে হবে।

নিহত কলসুমা আক্তার সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। উচ্চশিক্ষার উদ্দেশ্যে স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে গিয়েছিলেন তিনি।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক নির্যাতন, হত্যার হুমকি ও অনুসরণের (স্টকিং) শিকার ছিলেন কলসুমা। নিরাপত্তার কারণে তিনি পুলিশের একটি আশ্রয়কেন্দ্রেও অবস্থান করছিলেন। এর মধ্যেই ব্র্যাডফোর্ড সিটি সেন্টারে প্রকাশ্যে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
আদালত এ ঘটনাকে পূর্বপরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। বিচারক বলেন, হত্যার সময় আসামির উদ্দেশ্য ছিল ভুক্তভোগীকে হত্যা করা।
ঘটনার সময় ভুক্তভোগীর সঙ্গে থাকা তাঁর পাঁচ মাস বয়সী শিশু সন্তান অক্ষত থাকে।
এই ঘটনার পর যুক্তরাজ্যে পারিবারিক সহিংসতা ও নারীর নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
Leave a comment