ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে হত্যার পর স্বামী রনি ইসলাম বাসায় তালা লাগিয়ে পালিয়ে গেছেন।
সোমবার দুপুরে সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লার একটি ভাড়া বাসা থেকে রিয়া মনির মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আব্দুর রবের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে রিয়া মনি ও তাঁর স্বামী রনি ইসলাম শ্বশুরবাড়ি থেকে নিজেদের বাসায় ফেরেন। পরদিন সকালে রনি ইসলাম বাসার বাইরে তালা লাগিয়ে চলে যান। পরে তিনি মুঠোফোনে তাঁর মাকে জানান, রিয়া মনি আত্মহত্যা করেছেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রনি ইসলাম সম্প্রতি সাভার পৌর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহসাধারণ সম্পাদক পদ পেয়েছেন।
সাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান বলেন, ঘটনার বিষয়ে সাংগঠনিকভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বিছানার ওপর পাওয়া যায়। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার ঘটনা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রনি ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a comment