খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ে উদ্বেগের কারণে ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু আমের চালানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে।
ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এপ্রিল ও মে মাসে সীমান্তবর্তী কোয়ারেন্টাইন চেকপয়েন্টে পরীক্ষা চালিয়ে ভারত থেকে আমদানি করা কয়েকটি চালানে অতিরিক্ত কীটনাশকের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর সীমান্ত কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট চালানগুলো দেশে প্রবেশে বাধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। খাদ্যের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
গ্রীষ্ম মৌসুমে নেপালে আমের চাহিদা বেড়ে যায়। স্থানীয় উৎপাদন চাহিদা পূরণে যথেষ্ট না হওয়ায় দেশটি দীর্ঘদিন ধরে ভারতীয় আমের ওপর নির্ভরশীল।
এর আগে জাপানও ভারতের কয়েকটি জনপ্রিয় আমের জাত আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছিল। এসব জাতের মধ্যে রয়েছে আলফানসো, কেশর, ল্যাংড়া ও বঙ্গনপল্লী।
খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণের বিষয়টি ভারতীয় কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সূত্র: নিউজ১৮, ইন্ডিয়াহুড
Leave a comment