যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম চারটি সাবমেরিনের মধ্যে তিনটি বর্তমানে সাগরে অবস্থান করছে বলে জানা গেছে। তবে একসঙ্গে তিনটি সাবমেরিন সাগরে মোতায়েনের কারণ এখনো স্পষ্ট নয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, সাবমেরিনগুলোর অন্তত একটিতে পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং সেটি নিয়মিত টহলে নিয়োজিত। বিশেষজ্ঞদের ধারণা, অন্য একটি সাবমেরিন নিয়মিত টহলের দায়িত্ব নিতে প্রস্তুতি নিচ্ছে। তৃতীয়টি সমুদ্র পরীক্ষায় থাকতে পারে।
এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। সংবাদমাধ্যম দ্য টাইমস প্রথম এ খবর প্রকাশ করে। তাদের এক সূত্র একসঙ্গে তিনটি সাবমেরিন সাগরে থাকার ঘটনাকে ‘অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছে।
যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থায় ট্রাইডেন্ট ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্তত একটি সাবমেরিনকে সব সময় সাগরে মোতায়েন রাখার নীতি দেশটির পারমাণবিক প্রতিরোধব্যবস্থার অংশ। তবে একসঙ্গে তিনটি সাবমেরিনের সাগরে অবস্থানকে নিয়মিত ঘটনা হিসেবে দেখা হয় না।
প্রতিবেদনে বলা হয়েছে, একসঙ্গে তিনটি সাবমেরিন সাগরে থাকার বিষয়টি রয়্যাল নেভির সক্ষমতা ও প্রস্তুতির উন্নতির ইঙ্গিত দিতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে সাবমেরিনের রক্ষণাবেক্ষণ ও প্রস্তুতিসংক্রান্ত সমস্যার কারণে নৌবাহিনীকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।
এদিকে, চারটি সাবমেরিনের মধ্যে এইচএমএস ভিক্টোরিয়াস বর্তমানে ডেভনপোর্ট নৌঘাঁটিতে রক্ষণাবেক্ষণের কাজে রয়েছে। গত বছর এইচএমএস ভ্যানগার্ড টানা ২০০ দিনের বেশি সাগরে টহল দিয়েছিল। আর ২০২১ সালে এইচএমএস ভিক্টোরিয়াসের ২০৭ দিনের মোতায়েনকে এ ধরনের দীর্ঘতম অভিযানের একটি হিসেবে উল্লেখ করা হয়েছে।
Leave a comment