এমরান হোসেন, জামালপুর
জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হামলায় হক মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) দুপুরের দিকে উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মধ্যরচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে হক মিয়ার পরিবারের সঙ্গে তাঁর ভাতিজা সালামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সকালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় সালামের হামলায় গুরুতর আহত হন হক মিয়া।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করার চেষ্টা করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইয়াহিয়া আল মামুন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক দল কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
Leave a comment