ভারতের বিহার রাজ্যের আলোচিত শিক্ষক ও ইউটিউবার ফয়সাল খান, যিনি ‘খান স্যার’ নামে পরিচিত, নতুন করে আইনি জটিলতায় পড়েছেন। পাটনায় তাঁর কোচিং সেন্টারে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, তাঁর কোচিং সেন্টার ‘খান গ্লোবাল স্টাডিজ ইনস্টিটিউট’-এ হামলা ও নিরাপত্তারক্ষীদের গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এ মামলা হয়েছে। ঘটনার পর দুই নিরাপত্তারক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে একদল ব্যক্তি কোচিং সেন্টারে হামলা ও ভাঙচুর চালায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই নিরাপত্তারক্ষীকে শূন্যে গুলি ছুড়তে দেখা যায়। ওই ভিডিও সামনে আসার পর অস্ত্রও জব্দ করে পুলিশ।
প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত গুলিবর্ষণের কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে সংশ্লিষ্ট একটি পক্ষ। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী একটি কোচিং সেন্টারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনাটি পরিকল্পিত হতে পারে।
ঘটনার পর কোচিং সেন্টারের পরিচালক রোশন আনন্দকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তদন্তের অংশ হিসেবে খান স্যারকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পুরোনো বক্তব্যকে ঘিরেও নতুন করে সমালোচনার মুখে পড়েছেন ‘খান স্যার’। ওই বক্তব্যে তিনি বাংলাদেশের রংপুর ও চট্টগ্রাম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতিতে ‘খান স্যার’কে গ্রেপ্তারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো।
Leave a comment