রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় দেশের সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শিক্ষিত তিন সন্তান থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের নিঃসঙ্গ মৃত্যুর ঘটনায় পারিবারিক দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
নিহত নূর জাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে একটি স্থানীয় স্কুলে শিক্ষকতা করেন বলে জানা গেছে। তবুও তাঁর অযত্ন ও একাকী মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মিরপুরের ওই বাসা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি প্রকাশ্যে আসার পরই পরিবার ও সন্তানদের দায়িত্ব নিয়ে নানা আলোচনা শুরু হয়।
এ ঘটনার পর অনেকেই বাবা–মায়ের ভরণপোষণে সন্তানের দায়িত্ব ও আইনগত বাধ্যবাধকতা নিয়ে সামাজিক মাধ্যমে মতামত প্রকাশ করছেন। বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩–এর আওতায় থাকা বিধানগুলো।
আইনটিতে বলা হয়েছে, প্রত্যেক সন্তানকে তার পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে হবে। একাধিক সন্তান থাকলে তারা পারস্পরিক আলোচনার মাধ্যমে দায়িত্ব ভাগ করে নেবে। একই সঙ্গে সন্তানদের পিতা-মাতার সঙ্গে একই স্থানে বসবাস নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
এছাড়া আইনে বলা হয়েছে, কোনো পিতা-মাতাকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধ নিবাসে বা অন্য কোথাও আলাদা করে বসবাসে বাধ্য করা যাবে না। সন্তানদের নিয়মিতভাবে পিতা-মাতার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করার বাধ্যবাধকতাও রয়েছে।
ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পারিবারিক বন্ধন, দায়িত্ববোধ এবং একাকী বৃদ্ধ জীবনের বাস্তবতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
Leave a comment