নাজমুল হাসান, মাদারীপুর
মাদারীপুরের ডাসারে প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালংকার ও মালামাল নিয়ে রুপা আক্তার (১৯) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের চারদিন পার হলেও শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ডাসার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ রুপা উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের সৌদি প্রবাসী আশিক মাতুব্বরের স্ত্রী। তিনি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামের ফেরদাউস মোল্লার মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশে বের হন রুপা। তবে তিনি সেখানে পৌঁছাননি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে ওই দিন রাতেই তার বাবা ফেরদাউস মোল্লা ডাসার থানায় জিডি করেন। জিডি নম্বর ৫১৯।
প্রবাসে থাকা স্বামী আশিক মাতুব্বরের অভিযোগ, বাড়ি থেকে বের হওয়ার সময় রুপা প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালংকার ও প্রয়োজনীয় মালামাল সঙ্গে নিয়ে যান।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। তাকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a comment