জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে ১৬ বছর বয়সী এক কিশোরী। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর থেকে উপজেলার আদ্রা ইউনিয়নের থুরী টনকীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
কিশোরী দশম শ্রেণির শিক্ষার্থী। তার দাবি, একই এলাকার ২১ বছর বয়সী ফেরদৌস হাসান হৃদয়ের সঙ্গে তার প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি হৃদয়ের পরিবার তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জানতে পেরে সে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়।
কিশোরীর অভিযোগ, বিয়ে না হলে সে ওই বাড়ি ছেড়ে যাবে না। বাড়িতে আসার সময় তার কাছে বিষের বোতল ছিল বলেও জানা গেছে। তবে হৃদয়ের সৎমা সেটি কেড়ে নেন বলে কিশোরী জানায়।
স্থানীয় বাসিন্দারা জানান, কিশোরী ও হৃদয়ের বাড়ি পাশাপাশি এবং তাঁরা একই বংশের সদস্য। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ভিড় জমে। পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে, হৃদয় ও তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য জানা যায়নি। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় কিশোরীর মায়ের লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment