বাংলাদেশ থেকে নির্বাসিত ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি লেখিকাকে আশ্বস্ত করে বলেন, “আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। কারণ আমিই এই রাজ্যের পুলিশমন্ত্রীও।”
শনিবার (১ আগস্ট) কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি না হওয়া সত্ত্বেও হঠাৎ উপস্থিত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি লেখিকা তসলিমা নাসরিনকে উষ্ণ অভ্যর্থনা ও শ্রদ্ধা জানান।
সম্মাননার প্রতীক হিসেবে তিনি লেখিকার হাতে বিখ্যাত সাহিত্যিক ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছবি তুলে দেন।উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে ভারতের সংবিধানের প্রতিটি স্তম্ভ এবং বাক্স্বাধীনতা শতভাগ সুরক্ষিত। নতুন প্রশাসনের অধীনে এই বঙ্গভূমিতে সকলের আসার, মত প্রকাশের এবং মুক্তচিন্তার পূর্ণ স্বাধীনতা রয়েছে। সম্মানিত লেখিকা তসলিমা নাসরিন গত শুক্রবার (৩১ জুলাই) এই বাংলায় এসেছেন এবং আজ প্রকাশ্যে কর্মসূচি করছেন— এটিই প্রমাণ করে যে বর্তমান সরকারের আমলে সাধারণের গণতন্ত্র ও মৌলিক অধিকার সুরক্ষিত রয়েছে।”
লেখিকাকে উদ্দেশ্য করে তিনি আরও যোগ করেন, “আপনি একজন প্রখ্যাত লেখিকা, আপনার অসংখ্য গুণগ্রাহী ও পাঠক রয়েছে। আপনি একবার নয়, বারবার এই বাংলায় আসবেন। আপনাকে এবং আপনার চিন্তাধারাকে সুরক্ষা দেওয়া আমাদের সরকারের দায়িত্ব। বাংলায় শুধু শাসনের পরিবর্তনই হয়নি, প্রশাসনিক ব্যবস্থারও ইতিবাচক পরিবর্তন এসেছে।
Leave a comment