Home জাতীয় সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রতিবেদন প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের
জাতীয়

সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রতিবেদন প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের

Share
Share

ভারতের সীমান্ত কর্তৃপক্ষ মৌলিক বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করে পশ্চিমবঙ্গের মূলত বাঙালি মুসলিম জনগোষ্ঠীর মানুষদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)–র অবস্থানের কারণে অনেক পরিবার দুই দেশের মধ্যবর্তী ‘শূন্যরেখা’ বা ‘নো ম্যানস ল্যান্ড’-এ আটকে পড়ছে।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, ১ জুন থেকে এ পর্যন্ত বিএসএফের অন্তত ২১টি ‘পুশ-ইন’ প্রচেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এসব ঘটনায় শিশুসহ দুই শতাধিক মানুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছে সংস্থাটি।

সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে মানুষকে সীমান্তে ঠেলে দেওয়া বা আটকে রাখা মানবাধিকারের পরিপন্থী। নাগরিকত্ব যাচাই ও প্রত্যাবাসনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমন্বিত প্রক্রিয়া অনুসরণ করা উচিত বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ নয়জন প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সাক্ষাৎকার নিয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, বিএসএফ রাতে কয়েকটি দলকে সীমান্তে নিয়ে আসে এবং কাঁটাতারের ফাঁক দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে অনেক ক্ষেত্রে বিজিবি বাধা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়।

পঞ্চগড় সীমান্তে ৫ জুন শিশুসহ ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হলে কয়েক দিন ধরে অচলাবস্থার সৃষ্টি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই ধরনের ঘটনা তেঁতুলবাড়িয়া ও অন্যান্য সীমান্ত এলাকাতেও ঘটেছে বলে দাবি করা হয়েছে।

এদিকে ভারতীয় কর্তৃপক্ষের দাবি, অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, প্রত্যাবাসন প্রক্রিয়া অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিকার নিশ্চিত করে সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ সরকারও বলেছে, যথাযথ যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া ছাড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো কোনো ব্যক্তিকে গ্রহণ করা হবে না।

হিউম্যান রাইটস ওয়াচের মতে, জাতীয়তা যাচাই, আইনি সহায়তা এবং আপিলের সুযোগ নিশ্চিত না করে কাউকে বহিষ্কার করা আন্তর্জাতিক মানবাধিকার নীতির সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে শিশুদের সীমান্তে আটকে রাখা বা জোরপূর্বক বহিষ্কার করা শিশু অধিকার সনদের পরিপন্থী বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

সংস্থাটি আরও বলেছে, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থার মাধ্যমে নাগরিকত্ব যাচাই ও প্রত্যাবাসন সম্পন্ন করা সম্ভব। এসব প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার ফলে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোস্টগার্ড আটকের পর ৪ মাস ধরে গুম মিরাজ, প্রতিবাদ করে জেল খেটেছেন মা-স্ত্রী-বোন

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণি ঠোটা গ্রামের মৎস্যজীবী মিরাজ শেখ (৩০) নিখোঁজ রয়েছেন প্রায় পৌনে চার মাস (১১২ দিন) ধরে। গত ১০ এপ্রিল সন্ধ্যায়...

বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর্ড

বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। কাতালান ক্লাবকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন...

Related Articles

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন...

চব্বিশের ৪ঠা অগাস্ট এক থানায় ১৫জন পুলিশ হত্যার পর কী হয়েছে?

২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলার সময় জীবনের আশা ছেড়ে...

রাষ্ট্রপতি পদের আলোচনায় এবার হেভিওয়েট তিন নাম

নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে। এ প্রেক্ষাপটে বিএনপির...

রপ্তানিতে মন্দায়ও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা, অর্জন নিয়ে সংশয়

গত অর্থবছরে পণ্য রপ্তানি আয় কমলেও চলতি ২০২৬–২৭ অর্থবছরে ১৫ শতাংশ প্রবৃদ্ধির...