Home জাতীয় তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতীয়

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Share
Share

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে দেখছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীকে একজন ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

বুধবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১) চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী দিনব্যাপী কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দুটি দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

এসব সাক্ষাতে বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও প্রধানমন্ত্রীর নির্বাচনী ম্যান্ডেটের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান হুমায়ুন কবির।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ওআইসির মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। এ ক্ষেত্রে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে তাঁকে আশ্বস্ত করেছেন।

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ সম্ভাবনাময় প্রকল্পে চীনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে।

এ ছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর আগের দিনের বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সম্ভাবনাও আলোচনায় এসেছে।

হুমায়ুন কবির বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান রয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় সরকার ইতিবাচকভাবে তা বিবেচনা করবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান কপ৩১-এর একটি সাইড ইভেন্টে জিরো ওয়েস্ট ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত উদ্যোগ এবং এ বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আগামীকাল কপ৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অগ্রাধিকার তুলে ধরবেন। এ ছাড়া তাঁর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপ-প্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা...

পুলিশ সুপার জাহাঙ্গীরের দুই ফোন জব্দ, আটকের খবর নাকচ

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর...

সিলেটের মেয়ে সামিরা খান মাহি, এবার মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে

সিলেটের সাধারণ একটি মেয়ে থেকে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুটজয়ী। নানা প্রতিকূলতা পেরিয়ে...

বাংলা এআই মডেল তৈরিতে এডিবির কাছে ২৫০ কোটি ডলার চায় বাংলাদেশ

বাংলা ভাষার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করতে এশীয় উন্নয়ন ব্যাংকের...

;