ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও নিউজ২৪-এর সাংবাদিক মাসুদা খাতুন (মাসুদা লাবনীকে) গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ। একই সঙ্গে অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১১ আগস্ট) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে হুমকি, হয়রানি ও হামলার শিকার হচ্ছেন। সর্বশেষ নিউজ২৪-এর জ্যেষ্ঠ ক্রাইম রিপোর্টার মাসুদা খাতুনকে তেজস হালদার যশ নামের এক ব্যক্তি ধারাবাহিকভাবে মুঠোফোনে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি উদ্বেগজনক।
ডিআরইউ নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে কোনো প্রতিবেদন প্রকাশ বা প্রচারের কারণে একজন সাংবাদিককে ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য সরাসরি হুমকি। এ ধরনের ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি মুক্ত গণমাধ্যমের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিক মাসুদা খাতুনের করা সাধারণ ডায়েরির (জিডি) অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে হুমকির সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে ওই সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
ডিআরইউ নেতারা বলেন, সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালন করতে হবে।
Leave a comment