সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে সরকারি আবাসন পরিদপ্তর সরাসরি এ, বি ও সি শ্রেণির বাসা বরাদ্দ দেবে না। বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২-এর বিধি-৬ অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে এসব বাসা বরাদ্দ এবং কোটা সমন্বয় করা হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে সরকারি আবাসন পরিদপ্তর। পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. জহিরুল ইসলাম খান স্বাক্ষরিত নির্দেশনাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের। আর এসব আবাসনের কোটা বিন্যাস ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে সরকারি আবাসন পরিদপ্তর।
পরিদপ্তরের বাসা বরাদ্দ কমিটি-১-এর গত ৩০ জুনের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় বিধি-৬ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির বাসা সরাসরি বরাদ্দ না দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে বরাদ্দের সুপারিশ করা হয়।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a comment