মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশে যারা নিজেদের বিজয়ী ভাবছেন, তাদেরকে ‘মহাবোকা’ বলে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতিমা তাসনিম জুমা। আজ সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিস্ফোরক পোস্টে বিএনপির বর্তমান দলীয় অবস্থান ও সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন।
ডাকসুর এই নেত্রী তার পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “ইশরাক হোসেনের পদত্যাগে যারা ভাবতেছেন জিতে গেছেন, আপনারা মহাবোকা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এই একটা লোক ছিল যে সত্যিকারের মুক্তিযোদ্ধার সন্তান এবং সাম্প্রতিক গণআন্দোলনেরও এক বড় শক্তি।”
দলের অভ্যন্তরীণ রাজনীতির চরম সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, কীভাবে ত্যাগী নেতাদের এভাবে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি লেখেন, “ইশরাকের মতো রাজপথের ত্যাগী নেতারা আজ পদত্যাগের নির্দেশ পায়, আর হাইব্রিড শ্রেণির সুবিধাবাদীরা দিনের পর দিন অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে দলের বারোটা বাজালেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, একটি টু শব্দও করা হয় না।” ক্ষোভ প্রকাশ করে তিনি আরও প্রশ্ন করেন, এ ধরনের বৈষম্য ও ভুল সিদ্ধান্তের নীতি নিয়ে দলটি ভবিষ্যতে কীভাবে টিকে থাকবে?
উল্লেখ্য, সম্প্রতি গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী কর্মসূচিতে গিয়ে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হলে ইশরাক হোসেনকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে নির্দেশনার প্রেক্ষিতে আজ সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে নিজের পদত্যাগের পদক্ষেপ বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেন ইশরাক।
এর আগে গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর ইশরাককে পদত্যাগের নির্দেশনা সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রকাশিত হলে রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিক অবস্থায় ইশরাকের জনসংযোগ বিভাগ থেকে এই খবরকে গুঞ্জন দাবি করে প্রত্যাখ্যান করা হলেও, পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরই ইশরাক নিজেই সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।
Leave a comment