ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। শনিবার (১৭ অক্টোবর) রাতে প্রবল বৃষ্টির মধ্যে মণ্ডপে উপচে পড়া ভিড়ে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের উদ্ধার করে নিকটবর্তী মেডিকেল কলেজ হাসপাতালে (এমসিএইচ) নেওয়া হয়েছে।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে মেডিকেল কলেজের একটি সূত্রের বরাতে বলা হয়েছে, নিহত ১৭ জনের মধ্যে ১৩ জন নারী, তিনজন পুরুষ ও একটি শিশু রয়েছে।
কলকাতা পুলিশের বিবৃতি অনুযায়ী, রাত ৭টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানার সারদা পার্কের চোরবাগান পূজামণ্ডপের বের হওয়ার গেটে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে প্রচণ্ড ভিড়ের কারণে পদদলনের ঘটনা ঘটে। আহতদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এ ঘটনায় অনেক মানুষ জ্ঞান হারান। তাঁদের কয়েকজনকে মোটরসাইকেলে করে হাসপাতালে নেওয়া হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথ ছিল অত্যন্ত সংকীর্ণ। ওই অংশে পর্যাপ্ত আলোকসজ্জাও ছিল না। আরেক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, প্রবল বৃষ্টির কারণে অনেকে বের হওয়ার গেটের কাছে অপেক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে ধাক্কা এলে সামনের লোকজন পড়ে যান। পরে একের পর এক মানুষ তাঁদের ওপর পড়ে যাওয়ায় অনেকে চাপা পড়েন। স্থানীয়রা অন্য পাশের প্যান্ডেল ভেঙে আহতদের উদ্ধারে সহায়তা করেন।
ঘটনার পর কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। মুখ্যমন্ত্রী জানান, এ ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন আহত হয়েছেন।
এদিকে, এবিপি আনন্দের প্রতিবেদনে হাসপাতাল সূত্রের বরাতে বলা হয়েছে, হাসপাতালে নেওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা।
Leave a comment