সংবাদ প্রকাশের পর জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীদের দেওয়া ফ্রিজটি বিভাগে ফেরত দিয়েছেন বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলী। ফ্রিজটি নিজের বাসায় নিয়ে ব্যবহার করছিলেন—এমন অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর তিনি এটি ফেরত দেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর ফ্রিজটি ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় এক বছর আগে গণিত বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির শিক্ষার্থীরা বিভাগীয় কার্যালয়ের জন্য ৯০ লিটার ধারণক্ষমতার একটি মিনি ফ্রিজ উপহার দেন। দীর্ঘদিন ফ্রিজটি বিভাগীয় প্রধানের কক্ষে রাখা ছিল এবং অন্য শিক্ষকেরাও সেটি ব্যবহার করতেন। প্রায় এক মাস আগে বিভাগীয় প্রধানের বাসার ফ্রিজ নষ্ট হয়ে গেলে তিনি কলেজের ফ্রিজটি বাসায় নিয়ে যান।
এ বিষয়ে বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলী বলেন, বিভাগে ফ্রিজটির তেমন প্রয়োজন হচ্ছিল না। তাঁর বাসার ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ায় এবং ঢাকায় থাকা মেয়ে রান্না করে খাবার পাঠানোয় তা সংরক্ষণের সুবিধার জন্য তিনি ফ্রিজটি বাসায় নিয়ে গিয়েছিলেন। ফ্রিজটির প্রতি তাঁর কোনো ব্যক্তিগত লোভ নেই এবং ফেরত চাইলে তিনি তা এনে দেবেন বলেও জানিয়েছিলেন।
অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, বিভাগ থেকে ফ্রিজ বাসায় নিয়ে যাওয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত। বিষয়টি জানার পর শিক্ষক ফ্রিজটি বিভাগে ফেরত দিয়ে গেছেন।
Leave a comment