রাঙামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল ওয়ারিশ সনদ দাখিলের অভিযোগে সুমন তঞ্চঙ্গা নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা প্রশাসন। পরে তাঁকে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা সূত্রে জানা যায়, সুমন তঞ্চঙ্গা তাঁর মৃত চাচা সুভাষ তঞ্চঙ্গার ওয়ারিশ দাবি করে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করেন। আবেদনে প্রকৃত ওয়ারিশদের নাম গোপন করে জাল ওয়ারিশ সনদ জমা দেওয়ার অভিযোগ ওঠে।
আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করতে গিয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সৈয়দ আবু হুরায়রা আদর দাখিল করা সনদটি জাল বলে শনাক্ত করেন।
জেলা প্রশাসন জানায়, জাল সনদ দাখিল ও মিথ্যা তথ্য দিয়ে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পাওয়ার চেষ্টা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(১)(চ) ধারার লঙ্ঘন। এ ঘটনায় নিয়মিত মামলা করার জন্য সুমন তঞ্চঙ্গাকে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: মিডিয়া সেল, জেলা প্রশাসন, রাঙামাটি।
Leave a comment