গাজীপুরের শ্রীপুরে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির ওপর আটকে পড়েন এক যুবক। দেড় ঘণ্টার চেষ্টায় তাঁকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর শরীরের ডান পাশের বেশ কিছু অংশ পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন মিলে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। এ সময় তাঁদের একজন বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। কিন্তু ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে বিদ্যুৎ চালু থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খুঁটির ওপর আটকে পড়েন তিনি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা সুলতান শেখ বলেন, রাত ১০টার দিকে ফকিরবাড়ী এলাকায় বিদ্যুতের খুঁটির ওপর একজনকে আটকে থাকতে দেখেন তাঁরা। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুতের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে শুরু হয় উদ্ধার অভিযান।
মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা খাইরুল আলম বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর শরীরের ডান পাশের বেশ কিছু অংশ পুড়ে গেছে। পরে তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঘটনাস্থলটি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের আওতাধীন। ওই কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শান্তনু রায় বলেন, খবর পেয়ে তাঁদের একটি দল ঘটনাস্থলে যায়। দিবাগত রাত ১২টার দিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। উদ্ধারকাজের সময় ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তিনি কী কারণে বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন, তা তদন্ত করে দেখা হবে।
Leave a comment