যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চিকিৎসক ডা. অদিতি সাহা অনন্যার মৃত্যু হয়েছে। সম্প্রতি চিকিৎসক হিসেবে যুক্তরাষ্ট্রে কর্মজীবন শুরু করেছিলেন তিনি।
ডা. অদিতির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। তিনি জহিরুল হক শিকদার মেডিক্যাল কলেজের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এমবিবিএস শেষ করার পর তিনি স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যান এবং ইউনাইটেড স্টেটস মেডিক্যাল লাইসেন্সিং এক্সামিনেশন (ইউএসএমএলই) সম্পন্ন করে একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন।
পরিবার ও সহপাঠীদের সূত্রে জানা যায়, চলতি জুলাই মাসে তিনি ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি শুরু করেছিলেন। চিকিৎসক হিসেবে নতুন কর্মজীবনের সূচনার অল্প সময়ের মধ্যেই শিকাগোতে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
ডা. অদিতি রাজধানীর আইডিয়াল স্কুল থেকে এসএসসি এবং কেমব্রিয়ান কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষা গ্রহণ করে পেশাগত জীবনে এগিয়ে যান।
তাঁর মৃত্যুতে দেশে ও বিদেশে সহপাঠী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁকে একজন মেধাবী, মানবিক ও নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে স্মরণ করে শোক প্রকাশ করছেন।
Leave a comment