রংপুরে আলোচিত চার খুনের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতের মিল পাওয়া গেছে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পুলিশের দাবি, এ পরীক্ষার ফলাফলে হত্যাকাণ্ডে তাঁদের সম্পৃক্ততার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।
তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের নমুনা সংগ্রহ করা হয়। পরে ২৯ সেপ্টেম্বর নমুনাগুলো ঢাকায় পাঠানো হয়। সেখানে সিআইডির ল্যাবরেটরিতে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের সঙ্গে তাঁদের নমুনা পরীক্ষা করা হয়।
সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের পর বাসায় বসে খাওয়া খেজুর ও শসা এবং ধূমপান করা বিড়িসহ আরও প্রায় ৩৫টি আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এসব আলামতের সঙ্গে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের নমুনার মিল পাওয়া গেছে বলে তিনি জানান।
তবে পরীক্ষার আনুষ্ঠানিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র এখনো পুলিশের হাতে পৌঁছায়নি। আগামী এক থেকে দুই দিনের মধ্যে সেগুলো পাওয়া যেতে পারে বলে জানান ডিবির উপকমিশনার।
সনাতন চক্রবর্তী বলেন, পরীক্ষার ফলাফলে আলামত ও নমুনার মিল পাওয়া যাওয়ায় হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের সন্দেহ আরও কমেছে। তিনি দাবি করেন, দুই আসামির সম্পৃক্ততার বিষয়ে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব রশিদ বলেন, ডিএনএ পরীক্ষার সব রিপোর্টে ইতিবাচক ফল পাওয়া গেছে। আসামিদের শনাক্ত করা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করে শিগগিরই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।
পুলিশ জানায়, ডিএনএ পরীক্ষার ফল ও অন্যান্য তদন্তের তথ্য পর্যালোচনা করে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হবে।
Leave a comment