যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনজন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। নিহত ব্যক্তিরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান। তাঁদের মধ্যে প্রথম দুজন নৌবাহিনীর এবং তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট ছিলেন।
গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। খবর ইরান ইন্টারন্যাশনালের।
তবে এই তিন পাইলট কোথায় মার্কিন হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরান। তাঁরা নিহত হওয়ার সময় যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না বা কোনো সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সেটিও স্পষ্ট করা হয়নি।
এই তিন পাইলটের পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমা হামলায় মঙ্গলবার ও বুধবার অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন।
এ ছাড়া হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার ঘটনাতেও মার্কিন হামলাকে দায়ী করেছেন ইরানি কর্মকর্তারা।
খুজেস্তানে নিহত সাতজনের মধ্যে নৌবাহিনীর ওই ছয় সদস্য অন্তর্ভুক্ত ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
Leave a comment