প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলিয়া নিজেই এ তথ্য জানিয়েছেন।
পোস্টে আলিয়া ভাট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-এর মূলভাব সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
আলিয়া আরও জানান, বিশেষ এই দিনটি উদযাপন এবং উদ্যোগটির সমর্থনে রণবীর কাপুর ও তিনি মুম্বাইয়ের পৌর সংস্থা বিএমসির (BMC) সুপারিশ অনুযায়ী ২০টি স্কুল উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এর মাধ্যমে শিশুদের পড়াশোনা ও বেড়ে ওঠার জন্য উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন পরিবেশ তৈরিতে সহায়তা করা হবে বলে জানান তিনি।
কী এই ‘সেবা সংকল্প অভিযান’
‘সেবা সংকল্প অভিযান’ বিজেপির উদ্যোগে আয়োজিত এক মাসব্যাপী কর্মসূচি। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি। প্রধানমন্ত্রীর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এর আয়োজন করা হয়েছে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন গত ৯ সেপ্টেম্বর এই কর্মসূচির ঘোষণা দেন। এর আওতায় রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান ও জনসংযোগ কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়ার কথা রয়েছে।
আলিয়া-রণবীরের নতুন সিনেমা
কাজের দিক থেকে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে একসঙ্গে দেখা যাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমাটিতে তাদের সঙ্গে অভিনয় করেছেন ভিকি কৌশল। সিনেমাটি আগামী বছরের ২১ জানুয়ারি মুক্তির কথা রয়েছে।
এ ছাড়া ‘ব্রহ্মাস্ত্র’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমাতেও একসঙ্গে দেখা যাবে আলিয়া ও রণবীরকে। সিনেমাটির কাজ বর্তমানে চলছে।
Leave a comment