দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর দাবি, সাবেক এই উপদেষ্টা বর্তমান পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ।
পোস্টে তিনি লেখেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’
এর আগে একই দিন আরেকটি ফেসবুক পোস্টে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আসিফ মাহমুদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে তাঁকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
আসিফ মাহমুদের প্রথম পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এর কিছুক্ষণ পরই সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়ে দ্বিতীয় পোস্টটি করেন আসিফ মাহমুদ।
এদিকে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রোববার জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে নেতা-কর্মীরা শহরে জড়ো হন। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে বিক্ষোভকারীরা বিভিন্ন সড়কে মিছিল করেন। এ সময় আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া হয়।
গোপালগঞ্জের এমন পরিস্থিতির মধ্যেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে পরপর দুটি পোস্ট করেন আসিফ মাহমুদ। দ্বিতীয় পোস্টে তিনি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দায়িত্বকালে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’-এর প্রসঙ্গও তুলে ধরেন।
Leave a comment