রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ছবিতে দেখা যায়, হাজারো শিশুর ভিড়ে স্কুলড্রেস পরা এক কিশোর দুই হাত বাড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাচ্ছে। তার মুখভরা হাসি স্পর্শ করে অনেককে।
পরে জানা যায়, ওই কিশোরের নাম তাহসিন আব্দুল্লাহ। তার হাসির আড়ালে লুকিয়ে আছে এক বেদনাদায়ক গল্প। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
এর ধারাবাহিকতায় বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে তাহসিন ও তার বাবা নাজমুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাহসিনের খোঁজখবর নেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
গত জুলাইয়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তাহসিন তার বড় বোন তাসনিয়াকে হারায়। একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হলেও দুর্ঘটনার দিন তারা আলাদা ভবনে ছিল। যুদ্ধবিমানটি আছড়ে পড়ে তাসনিয়ার ভবনে।
পরিবারের সদস্যদের ভাষ্য, বিস্ফোরণের শব্দ শুনে তাহসিন বড় বোনকে খুঁজতে ছুটে যায়। কারও কাছ থেকে স্যালাইন ও পানির প্রয়োজনের কথা শুনে ছোট্ট হাতে সেগুলো নিয়ে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত বোনকে আর ফিরে পায়নি।
পরিবার জানায়, ওই ঘটনার পর তাহসিন অনেকটাই বদলে যায়। এক মানসিক সহায়তা (হিলিং) সেশনে সে লিখেছিল, ‘আমার কষ্ট অনেক। আমি আমার প্রিয় বোনকে হারিয়ে ফেলেছি। সে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। আমি তাকে খুব মিস করি।’
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনা ও আগ্রহ সম্পর্কে জানতে চাইলে সে জানায়, বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হতে চায় এবং এমন কিছু করতে চায়, যা মানুষের উপকারে আসবে।
প্রধানমন্ত্রী তাহসিনকে মনোযোগ দিয়ে পড়াশোনা, নিয়মিত খেলাধুলা এবং নিজের স্বপ্ন বাস্তবায়নে অধ্যবসায়ের সঙ্গে কাজ করে যাওয়ার পরামর্শ দেন।
আলাপচারিতায় তাহসিন জানায়, তার প্রিয় খেলা ফুটবল। পরে প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল ও একটি ড্রোনসেট উপহার দেন।
সাক্ষাৎ শেষে তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে সে খুব আনন্দিত। এমন সুযোগ পাবে, তা সে কল্পনাও করেনি। স্কুলে গিয়ে বন্ধুদের কাছে এ অভিজ্ঞতার কথা জানাতে মুখিয়ে রয়েছে বলেও জানায় সে।
এ সময় প্রধানমন্ত্রী মাইলস্টোন ট্র্যাজেডিতে সন্তান হারানো তাহসিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।
Leave a comment