বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দিশা (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গ্রেপ্তারকৃত ওই তরুণী নিহত সাউরির কথিত বান্ধবী বলে জানা গেছে। ঘটনার পেছনের প্রকৃত রহস্য উন্মোচনে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
এদিকে টঙ্গী নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, গত শনিবার (৩১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, এই মামলায় ইতোপূর্বে গ্রেপ্তার হওয়া এবং আদালতের আদেশে রিমান্ডে থাকা তাহসিফের জুনিয়র বন্ধু দীপকে মধ্যরাত থেকে কড়া জিজ্ঞাসাবাদ করছেন মামলার তদন্ত কর্মকর্তা।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, তাহসিফের অকাল ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁর সার্বক্ষণিক সঙ্গী ও ঘনিষ্ঠ বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে ঘটনার পূর্বে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব জায়গায় যাওয়ার সুনির্দিষ্ট কারণ ও প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন দীপ। এসব তথ্যের ভিত্তিতেই পরবর্তীতে ওই তরুণীকে আইনের আওতায় আনা হয়।
Leave a comment