চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ জিপিএ-৫ পেয়েছে। একই পরিবারের দুই সন্তান একসঙ্গে কৃতিত্বপূর্ণ ফল করায় পরিবার, স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
কৌশিক ও সুপ্তি উপজেলার ঘোষপাড়া এলাকার ব্যবসায়ী সজল চন্দ্র ঘোষ ও গৃহিণী মনি রানী ঘোষ দম্পতির সন্তান। তারা দুজনই কেএফটি কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
ফল প্রকাশের পর যমজ ভাই-বোনের জিপিএ-৫ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের সৃষ্টি হয়। কৌশিক ভবিষ্যতে বায়োকেমিস্ট এবং সুপ্তি চিকিৎসক হতে চায়।
কৌশিক ও সুপ্তি জানায়, ভালো ফলাফলের জন্য তারা বাবা-মা, শিক্ষক ও অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে নিজেদের স্বপ্ন পূরণে আরও ভালোভাবে পড়াশোনা করতে চায় তারা।
কৌশিক ও সুপ্তির বাবা সজল ঘোষ বলেন, ‘একসঙ্গে ছেলে-মেয়ে দুজনের ভালো ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ ও শুভকামনা চাই।’
কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক বদিউল আলম বাবু বলেন, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৭৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৩ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৮ দশমিক ৬৫ শতাংশ।
বদিউল আলম আরও বলেন, একই প্রতিষ্ঠানের দুই যমজ ভাই-বোনের জিপিএ-৫ অর্জন তাঁদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। কৌশিক ও সুপ্তির এই সাফল্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্য গর্বের। তাঁদের আগামী দিনের স্বপ্ন পূরণে এই ফলাফল অনুপ্রেরণা হয়ে থাকবে।
Leave a comment