পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় গুলির ঘটনার পর জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
এর আগে বিকেলে মাঝদিয়া এলাকায় বিএনপির নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের গুলিতে অন্তত পাঁচজন আহত হন। পরে তাঁদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর বালুমহাল নিয়ে ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের বিরোধ চলছে। এর জেরে বিকেলে ঈশ্বরদী পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একদল মুখোশধারী তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে একদল লোক সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, জামায়াতের কর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে বাড়িগুলোতে থাকা আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে তাঁদের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। তিনি বলেন, ‘অত্যন্ত চতুরতার সঙ্গে বর্বরোচিত ও ন্যক্কারজনক এই ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘরে লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
তবে জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, তাঁরা এলাকায় আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত কাঁকন বাহিনীর সদস্যরা অতর্কিতে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। পদ্মার বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের। জামায়াতের সঙ্গে তাঁদের কোনো বিরোধ নেই বলেও জানান তাঁরা।
জাকারিয়া পিন্টু বলেন, ‘আমি ঢাকায় আছি। ঘটনার কিছুই জানি না। অকারণে আমার লোকজনকে দোষারোপ করা হচ্ছে। ঘটনা যত দূর জেনেছি, পদ্মার বালুমহাল নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে স্থানীয়দের বিরোধ চলছিল। এর জেরেই গুলি ও রাতে কয়েকটি বাড়িতে হামলা হয়েছে। এখানে জামায়াতের কোনো বিষয় নেই। জামায়াতের কারও বাড়িতে হামলা হয়েছে বলেও আমার জানা নেই।’
মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, যুবদল ও বিএনপির লোকজন জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছেন। উল্টো পুলিশ বিএনপির লোকজনকে সুরক্ষা দিয়েছে। হামলা ও অগ্নিসংযোগে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারকে তার ক্ষতিপূরণ দিতে হবে।
তবে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও ঈশ্বরদীর বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়। পদ্মার বালুমহাল নিয়ে বিরোধের জেরেই এসব ঘটনা ঘটেছে। একটি পক্ষ বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবে বলে তাঁরা আশা করছেন।
এ বিষয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুলি ও অগ্নিসংযোগের পৃথক দুটি ঘটনারই তদন্ত চলছে বলে জানান ওসি।
Leave a comment