ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা বাংলাদেশের বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি)। তাদের ধারাবাহিক সহিংস কর্মকাণ্ডকে প্রতিবেদনে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এবং রোববার হালনাগাদ করা ওই প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহের বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় অস্থির পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে। এ সময় হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন বিএনপির সদস্য ও সমর্থকদের লক্ষ্য করে হামলা চালিয়েছেন।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিনজন সদস্য এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিহত একজন বাসসহকারী রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গণপরিবহন, পুলিশ স্টেশন, একটি হাসপাতাল এবং বিএনপি নেতাদের বাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন হামলা চালিয়েছেন।
হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে সহিংসতা বেশি তীব্র হয়েছে বলে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস। সেখানে বিক্ষোভকারীরা যান চলাচলে বাধা সৃষ্টি, সরকারি সম্পত্তিতে হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এ সময় দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক অবরোধ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে খুলে দেওয়ার আগে সড়কটি ৩৬ ঘণ্টা অবরুদ্ধ ছিল। এ ছাড়া বিক্ষোভকারীদের অস্ত্র প্রদর্শন, পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর পর শেখ হাসিনা ভারতে চলে যান। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে সর্বোচ্চ ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন।
২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের আন্দোলন দমনে চালানো অভিযানের ঘটনায় এ রায় দেওয়া হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে অভিহিত করে তাঁকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি সরকারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের শুরুতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি মন্তব্য করেন, বিক্ষোভকারীরা ‘সীমান্তের ওপার’ থেকে নির্দেশনা নিয়ে কাজ করছেন।
সূত্র: বাসস
Leave a comment