সাকিব
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার সরিষা ইউনিয়নের বাসিন্দাদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন উপস্থিত ছিলেন। তিনি মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম সম্পর্কে এলাকাবাসীকে অবহিত করেন।
ওসি সাজ্জাদ রোমন বলেন, ঘটনার তদন্তে এ পর্যন্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে এবং ডিএনএ পরীক্ষার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। মূল আসামিসহ মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মামলার কার্যক্রমে কোনো ধরনের কালক্ষেপণ করা হবে না।
পুলিশের পরবর্তী আইনগত কার্যক্রমেও এলাকাবাসী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ওসি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।
মানববন্ধন থেকে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান এলাকাবাসী।
Leave a comment