রাজধানীর খাদ্য মন্ত্রণালয়ে রোববার খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানান, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্যের আমদানি আরও বাড়ানোর জন্য।
তিনি বলেন, এসব খাতে বাংলাদেশের পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সব মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে নিউজিল্যান্ডের সহযোগিতা কামনা করা হয়েছে।
এছাড়া নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়ানো এবং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের আহ্বানও জানান তিনি।
অন্যদিকে, নিউজিল্যান্ডের হাইকমিশনার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং খাদ্য ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ-নিউজিল্যান্ড দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন এবং নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকার কথাও উল্লেখ করেন।
Leave a comment