চিরন্তন সুখের আবাস জান্নাত। সেখানে কোনো দুঃখ-কষ্ট থাকবে না। আল্লাহর আদেশ পালনকারী ও হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণকারীরা জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ জান্নাতে মুমিনদের তাঁদের আত্মীয়স্বজন ও প্রিয়জনদের সঙ্গে একত্রিত করবেন। নেককার স্বামী-স্ত্রীও সেখানে একসঙ্গে অবস্থান করবেন।
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘স্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে এবং তাদের বাবা-মা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল, তারাও তাদের সঙ্গে প্রবেশ করবে।’ (সুরা রাদ, আয়াত: ২৩)
এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির (রহ.) বলেন, আল্লাহ জান্নাতে মুমিনদের তাঁদের প্রিয়জন, বাবা-মা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা জান্নাতে প্রবেশের যোগ্য, তাঁদের সঙ্গে একত্রিত করবেন, যাতে তাঁদের চোখ জুড়িয়ে যায়।
প্রশ্ন হলো, কোনো নারীর একাধিক বিয়ে হলে জান্নাতে তিনি কোন স্বামীর সঙ্গে থাকবেন?
ইসলামি বিশেষজ্ঞদের মতে, কোনো নারী বিবাহিত অবস্থায় মারা গেলে এবং তিনি ও তাঁর স্বামী জান্নাত লাভ করলে তাঁরা সেখানে একসঙ্গে থাকবেন। ওই নারী তাঁর স্বামীর জন্য নির্ধারিত হুরদের নেত্রী হবেন এবং আল্লাহ তাঁকে বিশেষ সৌন্দর্য দান করবেন।
কোনো নারীর একাধিক স্বামী থাকলে—অর্থাৎ প্রথম স্বামীর মৃত্যুর পর কিংবা অন্য কোনো কারণে তিনি দ্বিতীয় বা পরবর্তী বিয়ে করলে—জান্নাতে কার সঙ্গে থাকবেন, এ বিষয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে। মতগুলো হলো—
১. পছন্দের সুযোগ দেওয়া হবে: কিছু আলেমের মতে, ওই নারীকে পছন্দের সুযোগ দেওয়া হবে। যাঁর সঙ্গে দুনিয়ায় তাঁর স্বভাব ও মানসিকতার মিল বেশি ছিল, তাঁকেই তিনি বেছে নিতে পারবেন।
২. শেষ স্বামীর সঙ্গে থাকবেন: আরেকটি মত হলো, ওই নারী জান্নাতে তাঁর শেষ স্বামীর সঙ্গে থাকবেন। আবু দারদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নারীকে তার শেষ স্বামীই দেওয়া হবে।’ (তাবরানি, হাদিস: ৩১৩০)
৩. উত্তম আচরণকারী স্বামীকে বেছে নেবেন: আরেকটি মত অনুযায়ী, নারী সেই স্বামীর সঙ্গে থাকবেন, যিনি দুনিয়ায় তাঁর সঙ্গে সবচেয়ে ভালো আচরণ করেছেন। যিনি তাঁর প্রতি জুলুম করেছেন বা তাঁকে কষ্ট দিয়েছেন, তাঁর সঙ্গে ওই নারী থাকবেন না।
উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত একটি বর্ণনায় বলা হয়েছে, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করেছিলেন, কোনো নারীর একাধিক স্বামী থাকলে তিনি কার সঙ্গে থাকবেন? উত্তরে রাসুলুল্লাহ (সা.) বলেন, তাঁকে পছন্দের সুযোগ দেওয়া হবে। তিনি সেই স্বামীকে বেছে নেবেন, যিনি দুনিয়ায় তাঁর সঙ্গে উত্তম আচরণ করেছিলেন। সেই স্বামীই জান্নাতে তাঁর স্বামী হবেন। (আল-মুজামুল কাবির)
৪. মতগুলোর মধ্যে সমন্বয়: কিছু আলেমের মতে, কোনো নারীর সব স্বামীই যদি উত্তম চরিত্রের অধিকারী হন, তাহলে তিনি শেষ স্বামীর সঙ্গে থাকবেন। আর তাঁদের মধ্যে চরিত্রগত পার্থক্য থাকলে তাঁকে পছন্দের সুযোগ দেওয়া হবে।
Leave a comment