শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরাকে ঘিরে তৈরি হওয়া ‘হাইপ’ ও ‘ন্যারেটিভ’ সেপ্টেম্বরেই শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩১ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘আপা (শেখ হাসিনা) নাকি ডিসেম্বরে লীগের (আওয়ামী লীগের) পলাতকদের দেশে ফিরতে বলবে না। মূলত, তাদের বললেও কেউ আসত না।’
তিনি আরও লেখেন, ‘৫ আগস্ট কীভাবে পরিবারের সবার পালানো নিশ্চিত করে বাকিদের ফেলে দিয়ে তিনি হেলিকপ্টারে চড়েছিলেন, এটা কোনোমতে জান বাঁচিয়ে পালানো নিষিদ্ধ লীগের নেতাদের ভালোভাবেই মনে আছে।’
আসিফ মাহমুদের ভাষ্য, ‘ডিসেম্বরের (শেখ হাসিনার দেশে ফেরা) হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ!’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আগামী ডিসেম্বর দেশে ফেরার কথা জানান।
নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দেশে ফেরা প্রসঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি কাউকে দেশে ফেরার বিষয়ে কোনো নির্দেশনা দিচ্ছেন না। তবে দেশে ও বিদেশে থাকা তাঁর সমর্থক ও নেতা-কর্মীদের কেউ কেউ তাঁর সঙ্গে দেশে যেতে চান। কাউকে নির্দেশনা দিয়ে বিপদে ফেলতে চান না বলেও জানান তিনি।
Leave a comment