কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম (৫০) ও তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোসনা বেগম কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী। তাঁর নাতনি চাঁদনী আক্তার একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকের কাছে দেখানোর জন্য জোসনা বেগম তাঁর নাতনি চাঁদনীকে সঙ্গে নিয়ে কুমিল্লা শহরে গিয়েছিলেন। চিকিৎসক দেখানো শেষে বাসস্টেশনে ফেরার পথে শাসনগাছা ক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে ওই নারী ও তাঁর নাতনি রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
নিহত জোসনা বেগমের ভাইয়ের মেয়ে জোহরা আক্তার জানান, চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে শাসনগাছা ক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় জোসনা ও চাঁদনী নিহত হন।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a comment