টানা ভারি বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রেল চলাচলেও বিঘ্ন ঘটেছে। রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
মঙ্গলবার রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। এরপর দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ষোলশহর স্টেশন অতিক্রম করার পর রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেনটি থেমে যায়। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর দুপুর ১টার দিকে পানি কিছুটা নেমে গেলে ট্রেনটি আবার কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে।
তিনি আরও জানান, ভারি বর্ষণের কারণে কক্সবাজার রুটের লোহাগাড়া ও চকরিয়া এলাকায় রেললাইনের ওপর গাছ পড়ে গেছে। সেগুলো অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে।
রেলওয়ের ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) তারেক মুহাম্মদ ইমরান বলেন, ষোলশহর এলাকায় ভারি বৃষ্টির পানির চাপে একটি সেতুর পাশের সাইডওয়ালের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঢাকা ও সিলেট রুটসহ অন্য কোনো লাইনে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি এবং নির্ধারিত সময়েই ট্রেনগুলো চলাচল করছে।
এদিকে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের অন্যতম সর্বোচ্চ। অতিবৃষ্টির ফলে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিচু এলাকার সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচলেও বিঘ্ন ঘটছে।
Leave a comment