ফিফা র্যাঙ্কিংয়ে ১৫৩ নম্বরে থাকা মালাউই এর আগে কখনো উইমেনস আফ্রিকা কাপ অব নেশনসের মূল পর্বে খেলতে পারেনি। সেই দলই এবার প্রথমবারের মতো আফ্রিকা কাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে। একই সঙ্গে ২০২৭ সালের নারী বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করেছে মালাউইয়ের মেয়েরা।
রোববার মরক্কোর রাবাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ঘানাকে ২–১ গোলে হারিয়ে এই কীর্তি গড়ে মালাউই। এই জয়ের ফলে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে দলটি।
ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল মালাউই। সপ্তম মিনিটে গোল হজম করে তারা। তবে পাঁচ মিনিট পরই গোলটি শোধ করে সমতায় ফেরে দলটি। এরপর ৭৯ মিনিটে জয়সূচক গোল করে সেমিফাইনালের পাশাপাশি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে মালাউই।
টুর্নামেন্টজুড়েই ধারাবাহিক পারফরম্যান্স করেছে মালাউই। নিজেদের প্রথম ম্যাচেই ১০ বারের চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে ৩–২ গোলে হারিয়ে বড় চমক দেখায় তারা। এরপর মিসরকে ৩–১ গোলে হারায়। গ্রুপ পর্বে জাম্বিয়ার কাছে একমাত্র হারলেও পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ আটে জায়গা করে নেয় দলটি। কোয়ার্টার ফাইনালে তিনবারের রানার্সআপ ঘানাকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা।
এবারের উইমেনস আফ্রিকা কাপ অব নেশনসও ইতিহাস গড়তে যাচ্ছে। সেমিফাইনালে ওঠা চার দলের কেউই এর আগে এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি। ফাইনালে ওঠার লড়াইয়ে মালাউইয়ের প্রতিপক্ষ আলজেরিয়া। অন্য সেমিফাইনালে স্বাগতিক মরক্কোর মুখোমুখি হবে ক্যামেরুন। সেমিফাইনালে ওঠা চার দলই ইতিমধ্যে ২০২৭ নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক ফুটবলে মালাউইয়ের নারী দলের পথচলা শুরু হয় ২০০২ সালে। এর আগে উইমেনস আফ্রিকা কাপ অব নেশনসের মূল পর্বে খেলার সুযোগ পায়নি তারা। প্রথমবার মহাদেশীয় আসরের মূল পর্বে খেলতে এসেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি।
২০২৭ সালের জুন-জুলাইয়ে ব্রাজিলে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের দশম আসর। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে মালাউইয়ের মেয়েদের।
Leave a comment