রাজধানীর উত্তরা বিমানবন্দর সড়কে কাভার্ড ভ্যানের গতিরোধ করে একটি পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার সকালে উত্তরা ১ নম্বর সেক্টরের ডিএল পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ড ভ্যানচালক খোরশেদ টাকা ভর্তি ব্যাগ নিয়ে পূবালী ব্যাংকের দিকে যাচ্ছিলেন। পথে ক্রাউন প্লাজার সামনে তিনটি মোটরসাইকেলে আসা ছয় থেকে সাতজন তাঁদের কাভার্ড ভ্যানের গতিরোধ করেন।
এ সময় ছিনতাইকারীরা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তাঁরা আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে আবদুল্লাহপুরের দিকে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় আহত আল আমিনকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার বলেন, এ ঘটনায় পেট্রলপাম্পের ব্যবস্থাপক আবদুল করিম অজ্ঞাতনামা ছয় থেকে সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রলপাম্পের বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পেট্রলপাম্প থেকে প্রতিদিন একই সময়ে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জেনে থাকতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a comment