দেশে গ্যাসের সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গ্যাসের কার্গো সরবরাহে কিছু সমস্যা রয়েছে। তবে তা দ্রুত সমাধান হয়ে যাবে। জ্বালানি খাতে টেকসই ও ভালো অবস্থানে যেতে সরকারের প্রায় দুই বছর সময় লাগতে পারে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে সহজে গ্যাস পাওয়া যাচ্ছে না। আবার এর দামও অনেক বেশি। জনগণের চলমান দুর্ভোগের প্রতি সরকার সমব্যথী। এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট।
তিনি বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে স্থলভাগে নতুন গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়নি। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট আরও ঘনীভূত হয়েছে।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের সিদ্ধান্তের প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে—চড়া দামে গ্যাস আমদানি করে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হবে, নাকি কিছুটা লোডশেডিং মেনে নেওয়া হবে।
তবে আগামী দুই বছর পরিস্থিতি খারাপ থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাঁর মতে, জ্বালানি সংকট থেকে দ্রুত বের হতে পারলে দেশে নতুন বিনিয়োগ আসবে এবং বন্ধ কারখানাগুলোও পুনরায় চালু হবে।
ব্রিফিংয়ে সাংস্কৃতিক অঙ্গন নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশে বর্তমানে সাংস্কৃতিক চর্চা ও পরিবেশের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সংস্কৃতি খাতের বিকাশে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত মনোযোগী ও আন্তরিক।
Leave a comment